অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি মন্ত্রী অরূপ রায়
দি নিউজ লায়ন ; অসুস্থ রাজ্যের সমবায় মন্ত্রী তথা হাওড়া জেলা সদর তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান অরূপ রায়। কলকাতার উডল্যান্ডস হাসপাতালে তাঁর চিকিৎসা চলছে। বুকে ব্যথা অনুভব করায় তাঁকে রবিবার সকালে কলকাতার উডল্যান্ডস হাসপাতালে নিয়ে আসা হয়। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে চিকিৎসকরা তাকে পরীক্ষা করছেন। বেশ কিছু শারীরিক পরীক্ষা করা হয়েছে তাঁর।
অরূপ রায়ের অসুস্থতার খবর পেয়ে উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী খোঁজখবর নেন। হাসপাতালে আসেন পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। অরূপবাবুর শারীরিক পরীক্ষা চলছে। প্রয়োজন হলে হাসপাতালে ভর্তি করে পরীক্ষা করা হতে পারে। গতকাল বিকেলে হাওড়া সদর তৃণমূল কার্যালয়ে কাজ করার সময় হঠাৎই বুকে ব্যথা অনুভব করেন তিনি।এরপর বাড়ি চলে যান। বাড়িতে চিকিৎসক এসে ওষুধপত্র দেন।
কিন্তু রাত তিনটে নাগাদ ফের বুকে ব্যথা অনুভব করেন।এরপর আজ সকালে চিকিৎসক এসে হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন। এরপর তাঁকে হাসপাতালে নিয়ে আসা হয়। আপাতত তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানা গিয়েছে।
যদিও তাঁর ঠিক কি কারণে বুকে ব্যথা হচ্ছে চিকিৎসকরা তা পরীক্ষা করে দেখছেন। বেশ কিছু শারীরিক পরীক্ষা ইতিমধ্যেই হয়েছে সেগুলির রিপোর্ট হাতে পেলে নিশ্চিত করে কি কারণে তিনি অসুস্থ হয়ে পড়লেন তা পরিষ্কার হবে বলে মনে করছেন চিকিৎসকরা।

Post a Comment